কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের পিকআপ ভ্যানের ওপর একটি ট্রাক উল্টে পড়ে হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, একটি দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে যাওয়ার পথে পুলিশ দলটি সেখানে থামে।
পিকআপের একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামিয়ে বাতাস নেওয়া হচ্ছিল বলে তিনি জানান।
ওসি বলেন, পেছন থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক পিকআপটির ওপর উল্টে পড়লে ভেতরে থাকা পারভেজ মিয়া চাপা পড়েন।
তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ট্রাক সরিয়ে পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করেন।
ওসি জানান, মরদেহ কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।