রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, ২ আগস্ট দিবাগত রাত প্রায় ২টায় পূর্বাচল ২ নম্বর সেক্টরের ‘অরণ্য আবাস’ রিসোর্টে দুটি প্রাইভেট কারে ১৫-১৬ জনের একটি দল প্রবেশ করে।
ওই দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে রিসোর্টে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে বলেও তিনি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের মস্তুল পুলিশ চেকপোস্ট ও রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ছয়জনের কাছ থেকে লুট হওয়া ছয়টি মোবাইল ফোন উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে ওসি এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন।