গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় আটাবোঝাই একটি ট্রাক টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে এক নারী নিহত হয়েছেন।

নিহত সুরাইয়া বেগমের বয়স ২৬ বছর বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি বুধবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে ঘটে।

ওসির ভাষ্য, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িটির ওপর উল্টে যায়।

তিনি বলেন, ঘুমন্ত অবস্থায় সুরাইয়া বেগম ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের দাবি, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন বলে পুলিশ জানিয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলেছে, দুর্ঘটনার পর ট্রাকচালক চলে গেছেন।

ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।