হবিগঞ্জে এনসিপি-সংশ্লিষ্ট মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামিকে জামিন দিয়েছেন আদালত।

রোববার আসামিরা বিচারক আব্দুল মান্নানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হন।

অভিযোগে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে হামলার কথাও বলা হয়েছে।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটির বাদী হয়েছেন।

কুতুব উদ্দিন জুয়েল দাবি করেন, মামলায় ঘটনার সময় ও কার বিরুদ্ধে কী ধরনের আঘাতের অভিযোগ তার সুনির্দিষ্ট বর্ণনা নেই।

শাহ রাজিব আহমেদ রিংগন মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

ছাত্রদলের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে সদর থানায় একটি মামলার আবেদন করা হয়েছে।