ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলের কাছে জাভা সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ৪১ জন এখনো নিখোঁজ।
সংস্থাটির হিসাবে, দুর্ঘটনার সময় ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ২৭১ জন ছিলেন।
তাঁদের মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাচ্ছিল।
রোববার সকালে যাত্রাপথে আগুন লাগে।
ঘটনাস্থল মাদুরা দ্বীপটি জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত।
আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত নয়।
নিখোঁজদের খুঁজতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে উদ্ধার সংস্থা জানিয়েছে।
কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শুরু করেছে।
উদ্ধার অভিযান শেষ না হওয়ায় হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।