সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ থেকে ২৯ জুলাই দেশজুড়ে অভিযান চালিয়ে ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাবে, আটকদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনে ৩ হাজার ৩৯৭ জন আটক হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় ২৩ জনকে আটক করা হয়েছে।

আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও আটক করা হয়েছে বলে মন্ত্রণালয় বলেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন; এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৪২৪ জনকে প্রস্থানের আগে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।