চট্টগ্রাম শিক্ষা বোর্ড স্থগিত থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে।
নতুন সূচিতে লিখিত পরীক্ষা ২০ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।
২০ আগস্ট ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র দিয়ে স্থগিত লিখিত পরীক্ষা শুরু হবে।
২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে।
পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র ২৪ আগস্ট এবং দ্বিতীয় পত্র ২৭ আগস্ট নেওয়া হবে।
ভূগোলের প্রথম ও দ্বিতীয় পত্র যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে; ওই দুই দিন বিকেলে আরবি ও পালি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।
রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র ২ সেপ্টেম্বর ও দ্বিতীয় পত্র ৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র ৭ সেপ্টেম্বর, আর দ্বিতীয় পত্র ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
এই পরীক্ষার প্রশ্নপত্র সেদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে সংগ্রহ করে কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়ার নির্দেশনা রয়েছে।
সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে বা কেন্দ্রে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের তথ্যের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বা কেন্দ্রপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলেছে বোর্ড।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই থেকে স্থগিত ছিল, যখন অন্য শিক্ষা বোর্ডগুলোতে পূর্বঘোষিত সূচিতে পরীক্ষা চলেছে।