রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলায় আটক জামায়াতের স্থানীয় রুকন ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন সোমবার সকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

মিলন বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘নৈতিক স্খলনের’ দায়ে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার ভাষ্য, দলীয়ভাবে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলার পর বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, রোববার উপজেলা জামায়াতের সভায় ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি হয়।

ওমর ফারুক পাকারমাথা গ্রামের বাসিন্দা এবং বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের রুকন ছিলেন।

তিনি একটি ফার্মেসি পরিচালনা করতেন এবং বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ১২ জুলাই প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের বিদায় করে শিশুটিকে একা রেখে ওমর ফারুক যৌন হয়রানি করেন।

এজাহারের বিবরণে বলা হয়েছে, পরে শিশুটি মায়ের কাছে ঘটনার কথা জানায় এবং পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে বলে উল্লেখ করা হয়েছে।

সেদিন রাতে শিশুটির মা পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরদিন আদালত ওমর ফারুককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।