সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব পদায়ন করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এসব পদায়নের কথা জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এর আগে ওবায়দুর রহমান শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জেসমিন নাহার ও জিয়াউল হক পদোন্নতির পর সচিব হিসেবে পদায়ন পেয়েছেন।