প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য; একসঙ্গে কাজ করলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।’
তিনি আরও বলেন, সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি; এরই মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এবং সেক্টরভিত্তিক সমস্যা নিয়ে কাজ চলছে।
সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে; বাকি সাতটি প্রক্রিয়াধীন।
উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা উপস্থাপন করেন।
রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।
বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র, বিদ্যুৎ-জ্বালানি, বাণিজ্য ও পরিবহন মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।