র্যাব-৩ জানিয়েছে, ৩ আগস্ট রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. স্বাধীন আহমেদ রনি (৩৫), মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসান (২৪)।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, মালিবাগে রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি কুড়াল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি চার্জার জব্দের কথা জানিয়েছে র্যাব-৩।
কর্মকর্তাটির ভাষ্য, রনির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে সোহাগ ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ বলেছে, ওই দুজনের ঘর থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ তাদের জিসান গ্রুপের সহযোগী হিসেবে উল্লেখ করেছে।
জিজ্ঞাসাবাদে পাওয়া কথিত তথ্যের বরাতে র্যাব-৩ বলেছে, তারা খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় ভয়ভীতি দেখিয়ে নির্মাণাধীন স্থাপনার মালিক ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করতেন।
র্যাব-৩ আরও অভিযোগ করেছে, তারা মোবাইল ফোনের বদলে ওয়াকিটকিতে যোগাযোগ রাখতেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কোন ধারায় মামলা করা হয়েছে, তারা আদালতে কী বক্তব্য দিয়েছেন বা তাদের পক্ষে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না—এ তথ্য উল্লেখ করা হয়নি।