মস্কোর কেন্দ্রাঞ্চলের কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে একটি রেস্তোরাঁর প্রবেশপথে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে রুশ ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে।

স্থানীয় সময় রাত আটটার দিকে ঘটনাটি ঘটে।

কমিটির ভাষ্য অনুযায়ী, এক নারী হাতে তৈরি বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিলেন।

প্রবেশদ্বারে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী তাকে বাধা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে বলে কমিটি জানিয়েছে।

নিহতদের মধ্যে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁয় আসা একজন অতিথি রয়েছেন বলে কমিটির ভাষ্য।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটেছে এবং ভেতরের কার্যক্রম স্বাভাবিক ছিল।

ঘটনার শুরুতে বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরে ঘটেছে বলে তথ্য ছড়ালেও কর্তৃপক্ষ পরে সেই বর্ণনা নাকচ করেছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী কুদ্রিনস্কায়া স্কয়ারের আশপাশের প্রধান সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয়।

এলাকায় নির্ধারিত সাইক্লিং কর্মসূচিও বাতিল করা হয়।

রাশিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনাটির তদন্ত শুরু করেছে।