জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলের অবস্থান কর্মসূচি থেকে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিয়েছেন।
ওই অবস্থান কর্মসূচি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এবং নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং গ্যাস, বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের রূপে হল দখলের পায়তারা করছে।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে এবং জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেটে আরও তিনটি লংমার্চ কর্মসূচির ঘোষণা এসেছে।