সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথাও বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে ২৮ জুলাই জারি করা একটি চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার বাড়ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, এসব প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে পারে।

তবে অসতর্ক ব্যবহারে সংবেদনশীল বা গোপন সরকারি তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন রাখতে এআই ব্যবহারের ক্ষেত্রে বিধি ও নির্দেশনা কঠোরভাবে মানতে বলা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদের স্বাক্ষরিত চিঠিতে তথ্যের নিরাপত্তা বজায় রেখে এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাকে সরকারের লক্ষ্য বলা হয়েছে।

এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।