হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন চট্টগ্রামের আদালত।
প্রতিটি মামলায় পাঁচ দিন করে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, তদন্তের জন্য দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
২ আগস্ট চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আদেশ দেন।
পুলিশের ভাষ্য, ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে।
পুলিশ আরও বলেছে, ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।