মন্ত্রিসভা ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে।
৩ আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, নিরাপদ, কার্যকর, মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এ তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বিধান রয়েছে।
২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি তৈরির ক্ষেত্রে ওই বিধান মানা হয়নি বলেই বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এই তালিকা ও পদ্ধতির বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় এবং বিষয়টি বিচারাধীন রয়েছে।
২৯ জুন আইন অনুযায়ী জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
ওই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্তির প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে।
২০২৬ সালের ব্যবস্থা বাতিল হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং এসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল থাকবে।
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদের সিদ্ধান্ত হয়েছে এবং জনগণের ওপর বাড়তি চাপ এড়িয়ে বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রেখে মূল্য নির্ধারণের কথা বলা হয়েছে।