পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কৌশলগত কারণে বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জোটে যোগদানকে হুথি হুমকি মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, এই পদক্ষেপকে ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার উদ্যোগ হিসেবে দেখার কারণ নেই।

হুমায়ুন কবিরের ভাষ্য, ইরানের সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ চলছে।

তিনি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে হজ, ওমরাহ ও তীর্থযাত্রার গণ্ডির বাইরে একটি কৌশলগত সম্পর্ক হিসেবে গড়ে তোলার কথা বলেন।

সৌদি আরব নিরাপত্তা সহযোগিতা চাইলে বাংলাদেশ সাড়া দেবে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফরটি ছিল পরিচিতিমূলক ও অনুসন্ধানমূলক।

হুমায়ুন কবির জানান, সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, ভূরাজনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি আলোচনায় ওঠেনি বলে তিনি জানান।

তিনি বলেন, সরকার চীন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসহ সব অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে বিনিয়োগ আকর্ষণ করতে চায়।