বগুড়া শহরের বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে অভিযানটি চালানো হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

তার ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

আটক তিনজনের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ইকবাল বাহারের দাবি, বাকি দুই আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের নেতৃত্বে ছিলেন এবং তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে চক্রটির সদস্যসংখ্যা পাঁচ থেকে ছয় বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, তারা নির্জন জঙ্গলে তাবু টাঙিয়ে অবস্থান করত এবং মাদক কারবার ও অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের মতো কর্মকাণ্ড চালাত।

ডিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।