২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনার মামলায় মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
বিচারক মো. আরিফুল ইসলাম তাঁকে চেকের সমপরিমাণ অর্থ জরিমানাও করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বলেন, ৩ মে সাহেদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছিল।
দবির উদ্দিনের ভাষ্য অনুযায়ী, ২ আগস্ট সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সেদিন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী বলেন, একই ঘটনার একটি মামলার বিষয়ে তাঁরা জানলেও চেক-সংক্রান্ত এ মামলার বিষয়ে অবগত ছিলেন না।
হাফিজ উদ্দিন বাহার ২০২০ সালের ২৬ জুলাই মামলাটি করেন বলে মামলার নথিতে উল্লেখ আছে।
মামলায় নির্মাণসামগ্রী কেনার মূল্য পরিশোধে দেওয়া একটি চেক অনাদায়ী হওয়ার অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১০ ডিসেম্বর দেওয়া চেকটি ২০২০ সালের ৫ মে নগদায়নের জন্য উপস্থাপন করা হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ফেরত আসে।
এরপর অর্থ পরিশোধের জন্য আইনি নোটিশ দেওয়ার পরও নির্ধারিত সময়ে টাকা না পাওয়ার অভিযোগে মামলা করা হয়।
২০ জুলাই আরেকটি চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাহেদকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
৩০ জুলাই প্রতারণার একটি মামলায় তিনি ১০ দিনের জামিন পেয়েছিলেন।