চন্দিপুরা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে ন্যাশনাল রেসপন্স টিম মোতায়েন করেছে ভারত সরকার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দলটি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।

রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা দলটির কাজের মধ্যে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চন্দিপুরা ভাইরাস সাধারণত বর্ষা মৌসুমে বালুমাছি, মশা ও অন্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়াতে পারে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, শিশুদের ক্ষেত্রে এ ভাইরাস এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং তা দ্রুত গুরুতর হতে পারে।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া বলেছেন, এখন পর্যন্ত ১৮৪টি রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ওই পরীক্ষাগুলোর মধ্যে ৩৫ জনের দেহে চন্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি, রোগ শনাক্তকরণ, বাহক পোকা দমন এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।