বিশ্বকাপ ফুটবলের ৩০ শতাংশ বাণিজ্যিক স্বত্ব ১৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাব বাতিলের পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পদত্যাগের চাপ বহাল রয়েছে।

উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো নিজ থেকে পদত্যাগ না করলে ইউরোপের দেশগুলো ভোটাভুটির মাধ্যমে তাকে ফিফা প্রধানের পদ থেকে অপসারণ বা বহিষ্কার করবে।

উয়েফার দাবি, তাদের ৫৫টি সদস্য দেশই ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা ভোটে অংশ নিতে প্রস্তুত; ফিফার সংবিধানে সভাপতিকে পদচ্যুত করতে ৪৩টি দেশের সমর্থন যথেষ্ট, আর উয়েফার হাতে রয়েছে ৫৫টি ভোট।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা বলেছে, ইনফান্তিনোর প্রতি তাদের আস্থা শূন্যের কোঠায় এবং “গোপন ছক” ও “অজানা ব্যক্তিবর্গের স্বার্থে ফুটবলের আত্মা বিক্রির চক্রান্তের” বিচার করতে হবে।

উয়েফা আরও অভিযোগ করেছে, ইনফান্তিনো ২০১৬ সালে সভাপতি হওয়ার সময় দেওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি ভেঙেছেন এবং ফিফার ব্যাংকে ৫ বিলিয়ন ডলার অলস পড়ে থাকা সত্ত্বেও ফুটবলের “পারিবারিক সম্পদ” বিক্রি করতে চেয়েছিলেন।

কনকাকাফ ও ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার অনাস্থার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে; কনকাকাফ একে “নেতৃত্ব ও শাসনের চরম অযোগ্যতা” বলে বর্ণনা করেছে।

ফিফা সদর দফতরের কর্মীদের একটি অংশ এই আন্দোলনকে “কিল দ্য মনস্টার” (দানবকে বধ করো) অভিযান হিসেবে বর্ণনা করেছেন এবং ইনফান্তিনোর নীতি ও সিদ্ধান্তহীনতার বিরুদ্ধে প্রশাসনের ভেতরে নীরব প্রতিরোধ দেখা দিয়েছে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইনফান্তিনোর বিশ্বজুড়ে ফুটবল প্রসারের প্রচেষ্টাকে সমর্থন করেছেন; তবে কাতার বা দু-একটি দেশের সমর্থনে তিনি রক্ষা পাবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।