প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারপাশের নৌপথ সচল করা এবং নদীর নাব্যতা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে, আগ্রহী বেসরকারি কোম্পানির প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং দুই সিটি করপোরেশনের প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শেখ রবিউল আলম বলেন, চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে আবার ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
তার ভাষ্য, এই উদ্যোগে নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক বিনোদন ও পর্যটনের বিকাশের লক্ষ্য রয়েছে।