রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক ঋণের বিপরীতে যে সুদ আয় করেছে, তার দ্বিগুণের বেশি সুদ পরিশোধ করতে হয়েছে আমানতকারীদের।
বিনিয়োগ তথা সুদ ও কমিশন আয় থেকে এই সুদ পরিশোধ করেছে ব্যাংকটি।
তবে বেতন-ভাতাসহ অন্যান্য খরচ মেটাতে গিয়ে চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) এই ব্যাংক ৬৪০ কোটি টাকা লোকসান দিয়েছে।
উচ্চ খেলাপির কারণে সুদ আয় কমে ব্যাংকটির এমন হাল হয়েছে।
অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি ১০ কোটি টাকা মুনাফা করেছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত ব্যাংকটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদনটি অনুমোদিত হয়।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের প্রথম ৬ মাসে রূপালী ব্যাংক ঋণের বিপরীতে ১ হাজার ২৯৪ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৭২৫ কোটি টাকা।
