এ বছরের জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
সেসময় দেশে ভরি প্রতি সোনার গহনার দাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল।
তবে এরপরই সোনার দাম ধাপে ধাপে কমতে শুরু করে।
মঙ্গলবার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকার বেশি কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
গত কয়েক সপ্তাহ ধরেই স্বর্ণের দামে এই নিম্নগতি লক্ষ্য করা গেছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ নয় হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।
স্বর্ণের এই দাম আরো কমবে নাকি আবার বেড়ে যেতে পারে এমন আগ্রহ রয়েছে অনেকের মনেই।
