ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বর্তমান সুদের হারভিত্তিক মুদ্রানীতি কাঠামো থেকে ধীরে ধীরে সরে এসে মূল্যস্ফীতির লক্ষ্যভিত্তিক কাঠামো গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বলতে বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ হাজার বিলিয়ন বা ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়াকে বোঝানো হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের জন্য মুদ্রানীতির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্তমানে সুদহারের লক্ষ্যভিত্তিক মুদ্রানীতি কাঠামোর মাধ্যমে সুদের হার বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এ জন্য মূল্যস্ফীতি লক্ষ্যভিত্তিক মুদ্রানীতি কাঠামো গড়ে তোলা দরকার।

১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংককে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে লিখিতভাবে এসব কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ শীর্ষক ছয় পৃষ্ঠার একটি প্রবন্ধ উপস্থাপন করেন।